প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল—অবশেষে বলিউডের ওয়েব সিরিজে দেখা মিলল ঢাকাই সিনেমার তারকা আরিফিন শুভর। কলকাতার নির্মাতা সৌমিক সেন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করেছেন শুভ। বৃহস্পতিবার প্রকাশিত প্রথম ঝলকে ১৯৭০-এর দশকের রেট্রো লুকে হাজির হন তিনি।
ভারতের জনপ্রিয় প্ল্যাটফরম সনি লিভ সম্প্রতি তাদের আসন্ন সিরিজ ও সিনেমার একঝলক প্রকাশ করেছে। সেই তালিকায়ই ধরা পড়েছে শুভর নতুন চরিত্র। সাদা ঝকঝকে স্যুট, ধূসর স্লিম কাট পোশাক কিংবা ঐতিহ্যবাহী সাদা পাঞ্জাবি—প্রতিটি লুকেই ফুটে উঠেছে মুক্তিযুদ্ধকালীন আবহ।
এই সিরিজে শুভর বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনি মিত্রা। এছাড়া বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত অভিনেতা যুক্ত হয়েছেন এতে। প্রযোজনা সংস্থার দাবি, দর্শকদের ৭০-এর দশকের ঢঙে ফিরিয়ে নিয়ে যাওয়া—এটাই তাদের লক্ষ্য ছিল। এজন্য সিরিজের সেট, পোশাক ও সাজসজ্জায় রেট্রো স্টাইলকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রথম ঝলক প্রকাশের পর থেকেই শুভভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কারণ এটাই প্রথমবারের মতো বলিউডের কোনো সিরিজে অভিনয় করছেন তিনি। শুধু মুক্তিযুদ্ধের গল্প নয়, শুভর নতুন আঙ্গিকে বলিউড অভিষেকও দর্শকদের জন্য বাড়তি কৌতূহল তৈরি করেছে।
এখন ভক্তদের অপেক্ষা একক টিজারের জন্য। সেটি প্রকাশ পেলেই বোঝা যাবে বলিউডে শুভর ম্যাজিক কতটা ছড়াবে।