প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর হাজারীবাগে নবম শ্রেণির স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত তরুণ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে সিয়াম ওরফে ইমন (১৯) নামের অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় অভিযুক্তের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি, ঘটনার সময় পরিহিত রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঘটনাপ্রবাহ
পুলিশ জানায়, নিহত ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে চরকঘাটা এলাকায় রাস্তার ওপর ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর আঘাত করা হয়।
স্থানীয় লোকজন রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন বাদী হয়ে হাজারীবাগ থানা হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত ও গ্রেপ্তার
মামলা দায়েরের পর হাজারীবাগ থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত একই স্কুলে পড়াশোনা করতো। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল।সম্প্রতি সেই সম্পর্ক অব্যাহত রাখতে ভুক্তভোগী অনীহা প্রকাশ করলে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সিয়ামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।