যশোরের চৌগাছায় ট্রাকচাপায় নুরুল আলম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চৌগাছা বাজারে ইসলামি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নুরুল আলম চৌগাছা বাজারের চৌগাছা-ঝিকরগাছা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ইসলামী ব্যাংকের সামনে পৌঁছালে সাতক্ষীরা-ট-১১-০১৯৩ নম্বরের একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটক চালকের নাম শাহীনুর রহমান। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের বাসিন্দা।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।